স্টারলাইন বাসের বেপরোয়া গতি, কোল থেকে শিশুর পড়ে যাওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৪:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

স্টারলাইন বাসের বেপরোয়া গতি, কোল থেকে শিশুর পড়ে যাওয়ার অভিযোগ
চালকের আচরণে ক্ষুব্ধ যাত্রী, পরে বাসে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি
স্টাপ রিপোটার : সিয়াম হোসেন
লক্ষ্মীপুর-ফেনী রুটে চলাচলকারী স্টারলাইন পরিবহনের একটি বাসে চার বছরের শিশুকে নিয়ে ওঠার সময় চালকের আচরণ ও বাস চালানোর ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক যাত্রী। বাসে ওঠার পর আসনে বসার আগেই গাড়ি চালানোর চেষ্টা করায় শিশুটি ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যায় বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।
জানা যায়, চন্দ্রগঞ্জ থেকে ফেনী যাওয়ার উদ্দেশ্যে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুসহ ওই বাসের টিকিট করেন তারা। বাসে ওঠার পর পরিবারের সদস্যরা আসনে বসার আগেই চালক হঠাৎ গাড়ি সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে শিশুটি ভারসাম্য হারিয়ে বাসের মেঝেতে পড়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটির বাবা চালকের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় চালক গাড়ি থামিয়ে আসন থেকে উঠে ওই যাত্রীর সঙ্গে মারমুখী আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হলে বাসের অন্য যাত্রীরা এগিয়ে এসে বিষয়টি শান্ত করেন।
এদিকে, ঘটনার কিছু সময় পর বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানা গেছে। একপর্যায়ে বাসটি আর স্টার্ট নিচ্ছিল না বলেও যাত্রীরা জানান।
ঘটনাটি নিয়ে বাসটির চালকের আচরণ ও যাত্রী ওঠানামার সময় গাড়ি চালানোর বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শী যাত্রীরা। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের ওঠানামার সময় বাস সম্পূর্ণভাবে থামিয়ে রাখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্টারলাইন পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।












