নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জের ধরে এস কে সৌরভ নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ১৫-২০ জনের একটি দল তাঁকে মারধর করে এবং তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক আটটার দিকে দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
সাংবাদিক এস কে সৌরভ এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বর্তমানে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালের অনলাইন ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তাঁর ভাগিনা মেহেদী হাসান আবেদ একজন ওমানপ্রবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাগিনা মেহেদী হাসান আবেদের সঙ্গে স্থানীয় এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে একদল লোক সাংবাদিক সৌরভের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। এ সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আকস্মিক এই ঘটনায় সাংবাদিক সৌরভ ও তাঁর পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরবর্তীতে নিজের ও পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দ্রুত চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এস কে সৌরভ দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Leave a Reply