​

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জের ধরে এস কে সৌরভ নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ১৫-২০ জনের একটি দল তাঁকে মারধর করে এবং তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

​গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক আটটার দিকে দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

​সাংবাদিক এস কে সৌরভ এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বর্তমানে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালের অনলাইন ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তাঁর ভাগিনা মেহেদী হাসান আবেদ একজন ওমানপ্রবাসী।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভাগিনা মেহেদী হাসান আবেদের সঙ্গে স্থানীয় এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে একদল লোক সাংবাদিক সৌরভের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। এ সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আকস্মিক এই ঘটনায় সাংবাদিক সৌরভ ও তাঁর পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​পরবর্তীতে নিজের ও পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দ্রুত চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এস কে সৌরভ দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।