
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন উদ্বেগজনকহারে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় এবং এডিস মশার বংশবিস্তার রোধে দেশের প্রতিটি নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন, আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে সরকার।
সম্প্রতি ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক বার্তায় এই নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি উদ্যোগ বা আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর জন্য প্রতিটি নাগরিককে নিজ দায়িত্বে সচেতন হতে হবে। বিশেষ করে বহুতল ভবনগুলোর পার্কিং এলাকা, ছাদ, বারান্দা কিংবা অব্যবহৃত পাত্রে যেন কোথাও বৃষ্টির বা জমানো পানি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩১৬ জন।
বিশ্লেষকদের মতে, ডেঙ্গুর বর্তমান প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই ডেঙ্গুর বিস্তার রোধে এবং নিজেদের পরিবারকে নিরাপদ রাখতে দলমত নির্বিশেষে সবাইকে সপ্তাহে অন্তত দুই দিন বাসা ও এর আশপাশ পরিষ্কার করার এই কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


Leave a Reply